ক্যাটাগরি ×
প্রশাসন ও উন্নয়ন

নওগাঁর পাখি পল্লীতে ঝুলন্ত ব্রিজ নির্মাণ শেষের পথে, উদ্বোধনের অপেক্ষা

Journalist Mahid ০৮ মার্চ ২০২৬ ১৪৩
নওগাঁর রাণীনগর উপজেলাটি ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ হলেও দীর্ঘদিন ধরে এখানে পরিবার নিয়ে সময় কাটানোর মতো কোনো বিনোদন কেন্দ্র ছিল না। সেই অভাব পূরণের লক্ষ্যেই ২০২৪ সালের শেষ দিকে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমিন ও তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সার্বিক সহযোগিতায় উপজেলার রাণীনগর-আবাদপুকুর আঞ্চলিক সড়কের ঐতিহ্যবাহী হাতিরপুল এলাকায় রক্তদহ বিলের সংযোগ খাল রতনডারাকে কেন্দ্র করে একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়।
বিজ্ঞাপন
https://www.behance.net/gallery/86648591/Social-Media-GIF-Banner-Ad/modules/501362131

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের উদ্যোগে এ প্রকল্পকে আরও টেকসই ও আকর্ষণীয় করতে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় সংযোজন হচ্ছে খালের দুই পাশে চলাচলের জন্য নির্মিত ঝুলন্ত ব্রিজ।
বিজ্ঞাপন

ইতোমধ্যে পাখি পল্লীতে পাখিদের আনাগোনা বাড়াতে বিভিন্ন প্রজাতির পরিবেশবান্ধব ও পাখি আকর্ষণকারী গাছ রোপণ করা হয়েছে। এছাড়া মৎস্য অভয়াশ্রমের মাছ চুরি রোধ এবং পাখি পল্লীর নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন স্বয়ংক্রিয় সিসিটিভি ক্যামেরা।
বিজ্ঞাপন

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঝুলন্ত ব্রিজ নির্মাণসহ অন্যান্য অবকাঠামোগত কাজ দ্রুতগতিতে সম্পন্ন করা হয়েছে। পর্যটকদের বিশ্রামের জন্য ছাতাযুক্ত একাধিক আকর্ষণীয় বসার স্থান, বিভিন্ন অনুষ্ঠানের জন্য একটি মুক্তমঞ্চ, পাবলিক টয়লেট এবং ঝুলন্ত ব্রিজ পর্যন্ত আলোকসজ্জার ব্যবস্থাও করা হয়েছে।
বিজ্ঞাপন

স্থানীয় দোকানি শফিকুল ইসলাম জানান, পাখি পল্লীকে কেন্দ্র করে হাতিরপুল এলাকায় নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই এখানে পর্যটকরা আসছেন। বিশেষ করে দুই ঈদ ও বিভিন্ন উৎসবের সময় হাজার হাজার দর্শনার্থীর আগমনে এলাকা মুখরিত হয়ে ওঠে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পাখি পল্লীর উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানান, রাণীনগরে দীর্ঘদিন ধরে কোনো বিনোদন কেন্দ্র না থাকায় সেই শূন্যতা পূরণে পূর্ববর্তী কর্মকর্তাদের নেওয়া উদ্যোগগুলোকে বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, প্রায় সব কাজ শেষ হয়েছে এবং খুব শিগগিরই ঝুলন্ত ব্রিজসহ পুরো পাখি পল্লী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
লিংক কপি করা হয়েছে!